মুক্তির প্রথম দিনই সব রেকর্ড ভেঙেছে ‘পদ্মাবত’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ‘পদ্মাবত’ ছবি মুক্তির প্রথম দিনই ভারতের বক্স অফিসের সব পুরোনো রেকর্ড ভেঙে গেছে। বৃহস্পতিবার ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১৯ কোটি রুপি।

ছবি মুক্তির আগে গত ২৪ জানুয়ারি পেইড স্ক্রিনিং ছিল। সেখানে ‘পদ্মাবত’ উপার্জন করে পাঁচ কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত পদ্মাবত ছবি আয় করেছে ২৪ কোটি রুপি।

তবে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ‘পদ্মাবত’ ভারতের সব রাজ্যে একযোগে মুক্তি পেতো তাহলে প্রথম দিনেই এই আয়ের অঙ্কটা আরো অনেক বেড়ে যেত। সেটা এক ধাক্কায় ২৮ থেকে ৩০ কোটির ঘর অনায়াসেই ছুঁয়ে ফেলতে পারত বলে মনে করছেন অনেকেই। ‘পদ্মাবত’ এরই মধ্যে প্রথম দিনের রোজগারের নিরীখে সঞ্জয় লীলা বনশালীর অন্য সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে।

এই ছবি নির্মাণের জন্য বাজেট ছিল ১৮০ কোটি রুপির কাছাকাছি। আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। যার জন্য নির্মাতাদের খরচ হয়েছে ২০ কোটি রুপি।

আগামী কয়েকদিনে ছবিটির আয় আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী সাত দিনে বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ফলে সপ্তাহজুড়ে হলগুলোতে রমরমা ব্যবসা করার সুযোগ পেয়ে যাবে ‘পদ্মাবত’।

আগামী এক সপ্তাহেই চলচ্চিত্রটি ১০০ কোটির ক্লাবে নাম লাখাতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ‘পদ্মাবত’ ছবি নিয়ে ভারতে বিক্ষিপ্ত আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে ভারতের কর্নাটক রাজ্যের বেলাগাভিতে একটি সিনেমাহলের ওপর পেট্রলবোমা ছোঁড়ে দুষ্কৃতকারীরা। সেই সময় হলটিতে ‘পদ্মাবত’ ছবি দেখানো হচ্ছিল।

‘প্রকাশ’ নামের ওই সিনেমাহলের সামনে মোটরবাইকে করে কয়েকজন দুর্বৃত্ত এসে একটি বোতল ভর্তি পেট্রল হলের সামনে ছুড়ে মারে। ঘটনাস্থলে প্রচণ্ড আওয়াজ হওয়ায় হলের মধ্যে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ভারতে মুক্তি পেলেও ‘কার্নি সেনা’ নামের একটি রাজপুর সংগঠনের ভয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো ভারতের বেশ কয়েকটি রাজ্যের মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে না ‘পদ্মাবত’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.