খেলাধুলা : ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল। তবে শেষ দিকে আলভারো মোরাতার দেওয়া গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে জিনেদিন জিদানের দল।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর লম্বা পাস থেকে ইসকোর বাড়ানো বল পেয়ে যান ফাঁকায় থাকা বেনজেমা। আর কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসী এই তারকা।
তবে ম্যাচের ২৭ মিনিটে রিয়ালের রক্ষণের ভুলে খেলায় সমতায় ফেরে বিলবাও। দানি কারবাহালের দুর্বলতার সুযোগে এরাসো পাস দেন সাবিনকে আর তা থেকে গোল করতে কোন ভুল করেননি স্প্যানিশ এই ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে রোনালদো গোলের সহজ সুযোগ নষ্ট করলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে শুরু হয় রিয়ালের গোল মিসের মহড়া। ম্যাচের ৬৪তম মিনিট ও ৭৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন বেল। তবে ম্যাচের ৮৩ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন মোরাতা। বাঁ দিক থেকে বেলের ক্রস ডি বক্সে পেয়ে মোরাতার প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি শটে বল জালে পাঠান কিছুক্ষণ আগেই বদলি নামা এই স্প্যানিশ স্ট্রাইকার। আর এ জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে গেলো রিয়াল।
এদিকে দিনের অপর ম্যাচে সেভিয়ার কাছে ১-০ গোলে হেরে পঞ্চম স্থানে নেমে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেভিয়া।
