সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশন একার দায়িত্ব নয় উল্লেখ করে বক্তারা বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের মাধ্যমে সারা দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এজন্য জলাবদ্ধতা নিরসনে প্রত্যেক নাগরিককে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। শুধু সিটি কর্পোরেশন একার দায়িত্ব নয়। আমার শহর আমাকে পরিষ্কার করতে হবে।
শুক্রবার নগরীর ডিসি হিল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। চ্যানেল আই ১৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘যানজট ও জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে বক্তারা বলেন, শহরের খাল, নদী, নালা আমরা নিজেরাই দখল করছি। আমরাই আমাদের সমস্যা সৃষ্টি করছি। খাল, নদী, নালা দখলের কারণে আজ সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা। এ শহরকে বাঁচাতে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
বক্তারা বলেন, আবর্জনা ফেলার ক্ষেত্রে আমরা নাগরিক হিসেবেও মোটেও সচেতন নয়। শুধু সিটি কর্পোরেশন করবে তার দিকে চেয়ে থাকি। নিজেদের দায়িত্বশীল হতে হবে সিটি কর্পোরেশনের আগে। নাগরিক হিসেবে নিজেরা যদি দায়িত্ব পালন করি, তাহলে অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। জলাবদ্ধতামুক্ত যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
চ্যানেল আই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বক্তারা বলেন, চট্টগ্রামের উন্নয়নে চ্যানেল আই’র এ উদ্যোগ চিরদিন চট্টগ্রামবাসী স্মরণ করবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনির সভাপতিত্বে নাসরিন ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি হালদা বিশেষজ্ঞ অধ্যাপক মনজুরুল কিবরিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, লেখক অধ্যাপক মাসুম চৌধুরী, চ্যানেল আই দর্শক ফোরামের জাহিদুর রহমান সোহেল প্রমুখ।
