সিটিনিউজ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাস গড়ল এই প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে । ২ টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়ে দারুণ মর্যাদার ১-০ এর লিড নিয়ে নিলো।
বুধবার (৩০ আগস্ট) মুশফিকুর রহীমের দল অসাধারণ পারফরম্যান্সে তুলে নিয়েছে ২০ রানের জয়। দ্বিতীয় ইনিংসে ২৬৫ রানের টার্গেটের পেছনে ছুটে ২৪৪ রানে অল আউট স্টিভেন স্মিথের দল!
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে উৎসবের হাওয়া।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার করে মূল নায়ক সাকিব আল হাসান। স্পিনাররাই হন্তারক। তাইজুল ইসলাম পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজের শিকার ২ উইকেট।
চতুর্থ দিনের সকালে সাকিব জাদুতে মুঠো থেকে প্রায় গলিয়ে যাওয়া ম্যাচ ধরে ফেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সামনে ছিল ২৬৫ রানের টার্গেট।
কিন্তু ২ উইকেটে ১৫৮ থেকে ৭ উইকেটে ১৯৫ রানে ৭ উইকেটের দল হয়ে যায় তারা। এতে সাকিবের ৩ ও তাইজুল ইসলামের ২ উইকেটের অবদান।
সাকিব হামলা করার পর অন্যপ্রান্ত থেকে উইকেট তুলে নিতে থাকেন তাইজুল। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করলেও স্বাগতিক স্পিনাররা অস্ট্রেলিয়াকে ঠিকই মাটিতে নামিয়ে এনেছে।
গেল বছর ঢাকায় ইংল্যান্ডকে এক সেশনেই শেষ করে দিয়ে আরেকটি ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তার সাথে যোগ হলো অসম্ভব সম্মানের আরেকটি জয়।
