সিটিনিউজবিডি : গত বছর র্যাংকিং চালু হওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের স্বীকৃতি লাভ করেন সাকিব আল হাসান। মাঝখানে তিলকারত্নে দিলশানের কাছে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের স্থানটি হারান এই টাইগার অলরাউন্ডার। তবে বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান ও ভারত সিরিজে দারূণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ফের শীর্ষস্থান ফিরে পেলেন দেশসেরা এই ক্রিকেটার।
টেস্ট, ওয়ানডে ও -টি-২০ তিন ফরম্যাটেই এখন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডেতে ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে দিলশানকে (৪০৪) পেছনে ফেলে সাকিব তার হারানো রাজত্ব উদ্ধার করেন। টেস্ট আর টি-২০ তে তো আগে থেকেই সেরা অলরাউন্ডারের জায়গাটি ধরে রেখেছেন তিনি।
টেস্টে সর্বোচ্চ ৩৮১ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার ৩৪১ পয়েন্ট নিয়ে সাকিবের অনেকের পেছনেই রয়েছেন।
টি-২০ তে সাকিব আল হাসান ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। ৩৪০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ যোজন যোজন পিছিয়ে রয়েছেন।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে সাকিব আল হাসান আপাতত ১৬ নম্বরে রয়েছেন। টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুমিনুল হক। এই হাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন ২৪তম স্থানে। এছাড়া তামিম ২৭, সাকিব ২৯ ও মুশফিক রয়েছেন ৫০তম স্থানে।
